শেয়ার বাজার বিগেনার টু এডভান্স (দ্বিতীয় পর্ব)

 

বাংলাদেশে কয়টি স্টক এক্সচেঞ্জ আছে?

বাংলাদেশে বর্তমানে দুটি স্টক এক্সচেঞ্জ রয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।





১. ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE):

‍

ঢাকা স্টক এক্সচেঞ্জ ১৯৫৪ সালের ২৮ এপ্রিল ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ এসোসিয়েশন লিমিটেডে হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। ১৯৫৬ সালে এর আনুষ্ঠানিক লেনদেন শুরু হয়। ১৯৬২ সালের ২৩ জুন এর নাম পরিবর্তন করে হয় ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ লি.। ১৯৬৪ সালের ১৩ মে আবারএর নাম পরিবর্তন করে রাখা হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ।

‍

বিভিন্ন ধাপ পেরিয়ে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে ১৯৫৯ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জ তার ৯/ফ মতিঝিল বাণিজ্যিক এলাকার ঠিকানায় স্থান পায়। ২০১৯ সালে প্রধান কার্যালয় ঢাকার নিকুঞ্জ এলাকায় স্থানান্তরিত হয়।

‍

২. চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (CSE): 

‍

১৯৯৫ সালের ১২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত দেশের দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ। একটি আধুনিক স্টক এক্সচেঞ্জ হিসেবে প্রতিষ্ঠা লাভের পর এটি দেশের শেয়ার বাজারের উন্নয়নে অনেক নতুন ও উদ্ভাবনী ধারণার সূচনা করেছে। চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ১৮ সদস্য বিশিষ্ট একটি নীতি নির্ধারণী কমিটি নিয়ে গঠিত।

‍

কমিটির ১৮ সদস্যের মধ্যে ৬ জন বাংলাদেশ সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশন কর্তৃক মনোনীত এবং ১২ জন সাধারণ সদস্যদের থেকে নির্বাচিত। বোর্ড প্রেসিডেন্ট ও ৩ জনভাইস প্রেসিডেন্ট নির্বাচন করে থাকে।




শেয়ার কত প্রকার ও কী কী?

বিনিয়োগকারীদের স্বার্থরক্ষা ও বিনিয়োগ সুবিধার্থে কোম্পানী বিভিন্ন প্রকারের শেয়ার ইস্যু করে থাকে। বাংলাদেশে শেয়ারবাজারে বর্তমানে দুটি ক্যাটাগরিতে শেয়ার লেনদেন হয়ে থাকে, এর একটি হলো প্রাইমারি বা আইপিও (IPO), অন্যটি হলো সেকেন্ডারি। প্রত্যেক বছর বেশ কিছু কোম্পানি IPO (ইনিশিয়াল পাবলিক অফার) দিয়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

‍

একটি কোম্পানি যখন প্রথমবারের মতো বাজারে প্রবেশ করে বা শেয়ার বাজারে ছাড়ে তাকে প্রাইমারি শেয়ার বলে। প্রাইমারি শেয়ার একবার বাজারে বিক্রি হয়ে গেলেই তা সেকেন্ডারি হয়ে যায়।

‍

তখন সেটা সেকেন্ডারি মার্কেটে চলে আসে। তখন সেই শেয়ার সেকেন্ডারি শেয়ার বলে গণ্য করা হয়। সেকেন্ডারি মার্কেটে আপনি ইচ্ছামতো শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারবেন। নিম্মে পাঠকের সুবিধার্থে রেখা চিত্রের মাধ্যমে তা সহজে ব্যাখ্যা করা হলঃ

‍

শেয়ারের প্রকারভেদ

‍

১. সাধারন শেয়ার (Ordinary / Equity Share):

‍

কোম্পানি আইন অনুযায়ী যে শেয়ার মালিকদের অধিকার, দায়িত্ব ও কর্তব্য কোম্পানিতে অধিক থাকে অথচ সাধারণ ভিত্তিতে লভ্যাংশ ভোগ করে এবং মূলধন ফেরত পায় তাকে সাধারণ শেয়ার বলে। এ শেয়ারের মালিকেরা অধিকারযুক্ত শেয়ারের লভ্যাংশ বন্টিত হবার পর শতকরা হারে লভ্যাংশ পায় এবং কোম্পানির বিলুপ্তিকালে সবার শেষে মূলধন ফেরত পায়।

‍

২. অগ্রাধিকার শেয়ার (Preference Share):

‍

যে শেয়ারের মালিকগণ তাদের লভ্যাংশ প্রাপ্তিতে ও মূলধন প্রত্যাবর্তনে অন্যান্য শেয়ার মালিকগণের চেয়েও অগ্রাধিকার পেয়ে থাকে তাকে অগ্রাধিকারযুক্ত শেয়ার  বলে।

অগ্রাধিকারযুক্ত শেয়ারকে নিন্মোক্ত আট শ্রেনীতে বিভক্ত করা যায়ঃ

‍

ক. সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার (Cumulative Preference Share):

এ ধরনের অগ্রাধিকারযুক্ত শেয়ারের ক্ষেত্রে লাভ হলেই শুধু লভ্যাংশ প্রদান করা হয়। কোন বছর কোম্পানী লাভ না করতে পারলে এবং পরের বছর লাভ হলে এ ধরনের শেয়ার মালিকদের গত বছরের বকেয়াসহ লভ্যাংশ প্রদান করা হয়। এখানে একটি বিষয় লক্ষনীয় যে, সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার মালিকদের বছরভিত্তিক লভ্যাংশ বিলুপ (Lapse)  হয় না।

‍

খ. অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার (Non-cumulative Preference Share):

এ ধরনের শেয়ার মালিকরা শধু লাভ হলেই লভ্যাংশ পাবে। কোন বছর লাভ না হলে তার জন্য কোন বকেয়া (Arear) লভ্যাংশ পাবে না।

‍

গ. পার্টিসিপেটিং শেয়ার (Participating Share):

নির্দিষ্ট লভ্যাংশ ছাড়াও যে শেয়ারের ওপর অতিরিক্ত লভ্যাংশ দেওয়া হয় তাকে পার্টিসিপেটিং বা লভ্যাংশের দাবিযুক্ত বা অংশগ্রহণমূলক অগ্রাধিকার শেয়ার বলে।

‍

ঘ. নন পার্টিসিপেটিং শেয়ার (Non-participating Share):

এ জাতীয় শেয়ারের ওপর শুধুমাত্র নির্দিষ্ট হারে লভ্যাংশ প্রদান করা হয়। কিন্তু অন্যান্য শেয়ারের সাথে অতিরিক্ত লভ্যাংশ দেওয়া হয় না।

‍

ঙ. পরিশোধ্য অগ্রাধিকারযুক্ত শেয়ার (Redeemable Preference Share):

যে অগ্রাধিকার শেয়ারের মূল্য নির্দিষ্ট সময়ান্তে পরিশোধ করে কোম্পানি শেয়ার ফেরত নিতে পারে তাকে পরিশোধ্য অগ্রাধিকারযুক্ত বলে।

‍

চ. অপরিশোধ্য অগ্রাধিকারযুক্ত শেয়ার (Non Redeemable Preference Share):

এ ধরনের শেয়ারের মূল্য কোম্পানীর বিলোপসাধন পর্যন্ত ফেরত দেয়া যায় না। শেয়ার মালিকেরা কোম্পানীর জীবদ্দশায় নির্দিষ্ট হারে মুনাফা ভোগ করতে থাকে।

‍

ছ. পরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার (Convertible Preference Share):

শেয়ার বিক্রয়ের শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময়ান্তে যে অগ্রাধিকার শেয়ারকে সাধারণ শেয়ারে রুপান্তরের সুযোগ দেয়া হয় তাকে পরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার বলে

‍

জ. অপরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার (Non-Convertible Preference Share):

যে অগ্রাধিকার শেয়ারকে কখনোই সাধারণ শেয়ারে রুপান্তর করা যায় না তাকে অপরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার বলে।

‍

অন্যান্য শেয়ারঃ

‍

উপরিউক্ত কয়েক প্রকারের শেয়ার ছাড়াও আরও কিছু শেয়ার রয়েছে যা নিন্মরূপঃ

‍

ক. বোনাস শেয়ার বা অধিবৃত্তি (Bonus Share):

কোম্পানির শেয়ার মালিকদের মধ্যে নগদে লভ্যাংশ বন্টন না করে লভ্যাংশের বিপক্ষে সাধারণ শেয়ার বণ্টন করা হলে বণ্টনকৃত শেয়ারকে বোনাস শেয়ার বলে। বোনাস শেয়ার কার্যত কোন নতুন ধরনের শেয়ার নয়। শেয়ার মালিকের এরূপ শেয়ার ক্রয়ে কোন নগদ অর্থ দিতে হয় না বিধায় এরূপ শেয়ারকে বোনাস শেয়ার নামে অভিহিত করা হয়ে থাকে।

‍

খ. অধিকারযোগ্য শেয়ার বা রাইট শেয়ার (Right Share):

রাইট শেয়ার হচ্ছে এক ধরনের অধিকারমূলক শেয়ার। কোম্পানি গঠনের পরবর্তী সময়ে যদি কোম্পানী তার মূলধন বাড়াতে চায় তবে BSEC এর অনুমতিসাপেক্ষে যে বিশেষ শেয়ার বাজারে ছাড়ে তাকে রাইট শেয়ার বলে। এ শেয়ার সবাই কিনতে পারে না, কোম্পানি গঠনের পরবর্তী সময়ে শেয়ার বিক্রি করার ক্ষেত্রে পুরাতন শেয়ার মালিকগণ ওই শেয়ার ক্রয়ে অগ্রাধিকার  পেয়ে থাকেন।

‍

যেসব শেয়ারহোল্ডার আগেই ওই কোম্পানির শেয়ার কিনেছেন তারাই শুধু রাইট শেয়ার কিনতে পারেন। শেয়ারহোল্ডারদের কাছে এই শেয়ার বেশ লাভজনক। কারণ বাজারের প্রকৃত মূল্যের চেয়ে এই শেয়ারের দাম সাধারণত অনেক কম হয়ে থাকে।

‍

গ. অনাঙ্কিক মূল্যের শেয়ার (Non Per Value Share):

যে শেয়ারের কোনো মূল্য নির্ধারিত থাকে না তাকে অনির্ধারিত বা অনাঙ্কিক মূল্যের শেয়ার বলে। এ শেয়ার সাধারণত বছর শেষে হিসাব নিকাশের পর মোট সম্পদ থেকে অন্যান্য আয়ের পরিমাণ বাদ দিয়ে যে অর্থ পাওয়া যায় তার ওপর ভিত্তি করে মূল্য নির্ধারিত হয়।

‍

শেয়ারের শ্রেণীবিভাগ: আপনার যা জানা দরকার

একটি কোম্পানীর শেয়ার হোল্ডারদের মধ্যে বাৎসরিক লভ্যাংশ বন্টন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠীতের ভিত্তিতে তাদেরকে A, B, G, N এবং Z এই ৫টি বিভাগে ভাগ করা হয়েছে। বিনিয়োগকারীদের সাধারণভাবে ভালো-মন্দ শেয়ার চিনিয়ে দেয়ার জন্য এই বিভাগীকরণ করা হয়েছে। নিচে বিভাগগুলোর কাজ বর্ণনা করা হলোঃ

‍


শেয়ারের শ্রেণীবিভাগ

‍

A-Category :

নিয়মিত বার্ষিক সাধারণ সভা করাসহ ১০% বা তার ঊর্ধ্বে লভ্যাংশ (Dividend) প্রদানকারী কোম্পানিগুলো এ গ্রুপের অন্তর্ভুক্ত।

‍

B-Category :

নিয়মিত বার্ষিক সাধারণ সভা করা সহ ১০% বা এর নিচে লভ্যাংশ (Dividend) প্রদানকারী কোম্পানিগুলো এ গ্রুপের অন্তর্ভুক্ত।

‍

G-Category :

গ্রিন ফিল্ড অর্থাৎ শেয়ারবাজারে আসার আগে উৎপাদন কার্যক্রম সম্পূর্ণরূপে শুরু করেনি এমন কোম্পানিগুলো এই গ্রুপের অন্তর্ভুক্ত। DSE - র ইতিহাসে এ পর্যন্ত একমাত্র লাফার্জ-সুরমা সিমেন্টই উৎপাদন কার্যক্রম শুরু করার আগে এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয় ও পরবর্তীতে কোনো লভ্যাংশ দিতে না পারায় কোম্পানিটিকে Z - গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছে।

‍

N-Category :

নতুন লিস্টেড কোম্পানীগুলো তাদের বার্ষিক সাধারণ সভা ও লভ্যাংশ প্রদানের আগ পর্যন্ত এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত থাকে। পরবর্তিতে তাদের বার্ষিক সাধারণ সভা ও লভ্যাংশ বন্টনের ভিত্তিতে তাদেরকে অন্যান্য ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়।

‍

পরপর দুই বছর যদি কোন N ক্যাটাগরির শেয়ার তাদের সাধারণ বার্ষিক সভা করতে ব্যার্থ হয় অথবা লভ্যাংশ প্রদান করতে ব্যার্থ হয় তবে তাদের কে Z ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়।

‍

Z-Category :

বার্ষিক সাধারণ সভা ও লভ্যাংশ বন্টন করতে ব্যার্থ অথবা ৬ মাসের অধিক সময় ধরে উৎপাদন বন্ধ অবস্থায় আছে এমন কোম্পানীগুলোকে এ ক্যাটাগরিতে ফেলা হয়।

‍

শেয়ারের শ্রেণীবিভাগ সমূহ জানা কেন জরুরি ?

‍

শেয়ারের এই শ্রেনীবিভাগের ভিত্তিতেই শেয়ার কেনা-বেচা পরবর্তী শেয়ার ও বিক্রয়লব্ধ অর্থের নিষ্পত্তি করা হয়ে থাকে। কারণ একটি শেয়ার ক্রয়ের পর পর সঙ্গে সঙ্গেই কেউ তা বিক্রয় করতে পারে না কিংবা কারো হিসাবে তৎক্ষণাৎ টাকা জমা হয়ে যায় না।

‍

বরং ২/৪ দিন পর বিও একাউন্টে শেয়ার কিংবা টাকা জমা হয়। আর এই প্রক্রিয়া বিভিন্ন গ্রুপের শেয়ারের ক্ষেত্রে বিভিন্ন রকম সময় লাগে। এবার দেখা যাক কোন কোন গ্রপের শেয়ার কয় দিন পর একাউন্টে জমা হবে।

‍

A, B, G, N গ্রুপের ক্ষেত্রে এ সময় ৩ দিন। অর্থাৎ ট্রেডিং এর ৩য় দিন শেয়ার কিংবা টাকা পাওয়া যাবে। তখন বিনিয়োগকারী তার ক্রয়কৃত শেয়ার বিক্রি করতে পারবেন বা বিক্রীত শেয়ারের টাকা তুলতে পারবেন।

‍

Z গ্রুপের ক্ষেত্রে এ সময় লাগে ৪ দিন। অর্থাৎ ৪র্থ দিন শেয়ার কিংবা টাকা পাওয়া যাবে। তখন ক্রয়কৃত শেয়ার বিক্রয় করা যাবে বা বিক্রীত শেয়ারের টাকা উত্তোলন করা যাবে। এ ক্ষেত্রে প্রশ্ন জাগতে পারে, Z গ্রুপের শেয়ারের ক্ষেত্রে কেন একদিন বেশি সময়ের প্রয়োজন হয়?

‍

কী কী শর্ত সাপেক্ষে গ্রুপিং করা হয় তা আগেই উল্লেখ করা হয়েছে। খেয়াল করলেই দেখে যাবে যে Z গ্রুপ হচ্ছে সবচেয়ে কম কিংবা বিনা লাভ প্রদানকারী কোম্পানির শেয়ার। এজন্যই এই গ্রুপের শেয়ার ক্রয়/বিক্রয় নিষ্পত্তিতে অতিরিক্ত ১দিন সময় বরাদ্দ দেয়া হয়।

‍

Clearing and Settlement বা শেয়ার ও অর্থ নিষ্পত্তির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো স্পট ট্রেড (Spot trade)। যখন কোন কোম্পানী লভ্যাংশ বন্টনের জন্য বার্ষিক সভায় শেয়ারহোল্ডারদের অংশগ্রহনের জন্য কোন রেকর্ড ডেট নির্ধারন করে তখন সেই রেকর্ড ডেটের আগের ৩ দিন প্রায়োরিটি বেসিসে সেই সব কোম্পানীর শেয়ার নিষ্পত্তির জন্য স্পট ট্রেডিং এর ব্যাবস্থা করা হয়। স্পট ট্রেডের ক্ষেত্রে মাত্র ১ দিনে শেয়ার ও টাকা বিও একাউন্টে স্থানান্তর করা হয়।



Comments