ফান্ডামেন্টাল এনালাইসিস কি? (এ টু জেট) fundamental analysis (A to Z)
ফান্ডামেন্টাল এনালাইসিস (Fundamental Analysis) বা মৌলিক বিশ্লেষণ
একজন নতুন বিনিয়োগকারীর জন্য ফান্ডামেন্টাল এনালাইসিসের ভূমিকা অপরিসীম। কেননা কোন কোম্পানীর শেয়ার কেনার আগে ঐ কোম্পানীর ফান্ডামেন্টাল বা মৌল ভিত্তি তথা অন্তর্নিহিত শক্তি সম্পর্কে জানা খুবই জরুরী।
ফান্ডামেন্টাল এনালাইসিস বা মৌলিক বিশ্লেষনের মাধ্যমে একটি কোম্পানীর ব্যালেন্স শীট, ক্যাশ ফ্লো, প্রফিট এন্ড লস স্টেটমেন্ট ইত্যাদির গুরুত্ববহন তথ্য সম্পর্কে জানা যায় যার মাধ্যমে কোম্পানীটি ভাল না খারাপ সে বিষয়ে ক্রেতা একটি পরিষ্কার ধারনা পেয়ে থাকে।
এছাড়া দেশের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক অবস্থা অথবা বাজারে সরবরাহ এবং চাহিদার উপর ভিত্তি করে ফান্ডামেন্টাল এনালাইসিসের ভিত্তি পরিবর্তিত হতে পারে। একটি দেশের অর্থনৈতিক ও সার্বিক অবস্থা ভাল থাকলে তা সেই দেশের স্থানীয় কোম্পানী গুলোর দামকে প্রভাবিত করে, যার ফলে শেয়ারের দাম উঠা নামা করে।
আবার দেশের অর্থনৈতিক, সামাজিক বা রাজনৈতিক অবস্থার অবনতি হলে কোম্পানীর উৎপাদন, আয় ব্যায়ে তার প্রভাব পড়ে এজন্য দেখা যায় কম্পানির শেয়ারের দাম কমে যাচ্ছে।
মূলকথা হলো, একটি কোম্পানীর মৌলিক বিশ্লেষনের ( ফান্ডামেন্টাল এনালাইসিস) জন্য কোম্পানীটির বিগত ৫ থেকে ১০ বছরের রেকর্ড চুলচেরা বিশ্লেষন করতে হয়। সেই কোম্পানীর পরিচালকদের শতকরা কত পরিমান শেয়ার আছে, তাদের সামাজিক-রাজনৈতিক অবস্থান সম্পর্কে সব বিষয়ে নজর রাখতে হবে।
পৃথিবীর বিখ্যাত এবং সফলতম বিনিয়োগকারীদের মধ্যে একজন হল তথাকথিত “ওরাকল অফ ওমাহা”, ওয়ারেন বাফেটের ডাকনাম (Warren Buffett) যিনি তার দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য সুপরিচিত এবং তিনি তার বিনিয়োগে মূলত ফান্ডামেন্টাল এনালাইসিস ব্যাবহার করেন। কারন তিনি কেবল দীর্ঘমেয়াদী বিনিয়োগেই আগ্রহী এবং এ ব্যাপারে তার দর্শন খুবই স্পষ্ট এবং জনপ্রিয়।
・ ফান্ডামেন্টাল এনালাইসিস হল একটি শেয়ারের প্রকৃত বা ন্যায্য বাজার মূল্য নির্ধারণের একটি পদ্ধতি।
・ ফান্ডামেন্টাল এনালাইসিসের মাধ্যমে এমন কোম্পানী অনুসন্ধান করা হয় যাদের শেয়ারের বর্তমান মূল্য তাদের প্রকৃত মূল্যের চেয়ে বেশি বা কম দামে ট্রেড হচ্ছে।
・এক্ষেত্রে ন্যায্য বাজার মূল্য যদি বর্তমান বাজার মূল্যের চেয়ে বেশি হয়, তবে শেয়ারটিকে অবমূল্যায়িত বলে গণ্য করা হয় এবং শেয়ারটি ক্রয়ের সুপারিশ করা হয়। পক্ষান্তরে শেয়ারটি যদি অতিমূল্যায়িত হয় তবে তা ক্রয়ের আগে সতর্কতা অবলম্বন করতে বলা হয়।
ফান্ডামেন্টাল এনালাইসিসের জন্য একজন বিনিয়োগকারীর যেসব তথ্য জানা জরুরীঃ
কথায় আছে, “Information is the new currency”। অর্থাৎ বর্তমান প্রেক্ষাপটে তথ্যই সর্বাপেক্ষা মূল্যবান, আর ফান্ডামেন্টাল এনালাইসিসের মূল ভিত্তিই হল তথ্য ও উপাত্ত। ফান্ডামেন্টাল এনালাইসিসের জন্য একজন বিনিয়োগকারীকে তার বাছাইকৃত কোম্পানীর ব্যাবসার ধরন, অনুমোদিত ও পরিশোধিত মূলধন, কোম্পানীর ব্যাবস্থাপনার ধরন, ব্যাবস্থাপকদের সামাজিক ও রাজনৈতিক অবস্থান,
মোট শেয়ারের সংখ্যা, লভ্যাংশ প্রদানের হার, মোট ঋণ, ঝুঁকি ও ঝুঁকি হ্রাসে কোম্পানীর গৃহীত পদক্ষেপসমূহ, কোম্পানীর বর্তমান লাভ-ক্ষতি ও ভবিষ্যৎ লাভ-ক্ষতির সম্ভাবনা, শেয়ার প্রতি আয়, নেট এসেট ভ্যালু, পিই রেশিও ইত্যাদি জানা খুবই জরুরী।
কারন শেয়ার ব্যাবসায় করতে হলে এসব ব্যাপারে সম্যক ধারনা থাকতে হবেই। তথ্য উপাত্ত বিশ্লেষনে যারা এগিয়ে থাকবে তারাই পুঁজি বাজারে ততটা ঝুকিমুক্ত থেকে লাভবান হবে। কোম্পানীর এসব গুরুত্বপূর্ন তথ্যাবলি সাধারণত ডিএসসির ওয়েবসাইট, বিভিন্ন অনলাইন পত্রিকা ও পোর্টাল, কোম্পানীর বার্ষিক রিপোর্টে অথবা কোম্পানীর সাইটগুলোতেই পাওয়া যাবে। এছাড়া বিভিন্ন পত্র-পত্রিকা ও সাময়িকীতেও তা নিয়মিত প্রকাশ করা হয়।
ফান্ডামেন্টাল এনালাইসিসের জন্য কি কি বিষয় বিবেচনা করতে হবে?
১. ম্যাক্রো ও মাইক্রো ইকোনোমিক এনালাইসিস বা বিশ্লেষনঃ
ম্যাক্রো ইকোনোমিকসের মৌলিক বিষয়গুলি হল এমন যা একটি দেশের অর্থনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করে, যার মধ্যে বেকারত্ব, চাহিদা ও যোগান, প্রবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি সংক্রান্ত পরিসংখ্যান, সেইসাথে আর্থিক বা রাজস্ব নীতি ও বাজেট এবং আন্তর্জাতিক বাণিজ্যের বিষয়গুলি অন্তর্ভুক্ত।
এই বিষয়গুলোকে সামগ্রিকভাবে একটি বৃহৎপরিসরে দেশের অর্থনীতির বিশ্লেষণে প্রয়োগ করা যেতে পারে যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন প্রকার ব্যাবসায়ের উন্নতি বা অবনতিতে ভূমিকা রাখে।
মাইক্রো ইকোনমিকসের মৌলিক বিষয়গুলি অর্থনীতির ক্ষুদ্র অংশকে প্রভাবিত করে,যেমন কোন একটি নির্দিষ্ট বাজার বা সেক্টর। কোন নির্দিষ্ট শ্রেনীর পন্যের ভোক্তা ও উৎপাদনের চাহিদা ও যোগান, মজুরিসহ বিভিন্ন বিষয় এর অন্তর্ভুক্ত।
ভোক্তারা তাদের নির্দিষ্ট ও সীমাবদ্ধ বাজেটের ভিতর কতটুকু এ খাতে ব্যায়ে ইচ্ছুক ও উৎপাদক তার বিদ্যমান ব্যবসায়িক নীতি ও মুনাফার লক্ষ্যে কি সিদ্ধান্ত নেয় সেটিও বাজারে প্রভাব বিস্তার করে। যেমনঃ পেঁয়াজের আমদানি যদি বাধাগ্রস্থ হয় তবে দেশের পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে পড়ে।
তখন দেশীয় পেঁয়াজ উৎপাদকগণ চাইলে অতিমুনাফায় তাদের উৎপাদিত পেঁয়াজ বিক্রয় করতে পারেন অথবা ন্যায্য মূল্যে পেঁয়াজ সরবরাহ করে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে পারে।
২. শিল্পের এনালাইসিস বা বিশ্লেষণঃ
এই বিশ্লেষন পদ্ধতি অর্থনৈতিক চক্র বা বাজার চক্রের উপর ফোকাস করে না বরং একটি নির্দিষ্ট সেক্টর বা শিল্পের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ কোম্পানীটিকে খুজে বের করতে সহায়তা করে। যেমন ধরা যাক বাংলাদেশের পুঁজি বাজারে ব্যাংক, বীমা, ঔষুধখাত, আইটি, ইঞ্জিনিয়ারিং সহ প্রভৃতি খাত রয়েছে। এর মধ্য থেকে আপনাকে ফিল্টারিং করতে হবে-
পন্য ও সেবা অনুসারে,
- যাত্রার গতি ও পথের অবস্থান- তথা উদীয়মান শিল্প খাত বা ক্রম বর্ধমান শিল্পখাত, ক্ষয়িষ্ণু শিল্প খাত,
- প্রতিযোগিতার দক্ষতা, ৪/ পন্যের বৈশিষ্ট্য ইত্যাদি বিচার বিশ্লেষন করে।
৩. কোম্পানীর এনালাইসিস বা বিশ্লেষণঃ
এই পদ্ধতির অধীনে আছে-
- কোম্পানীর আয়-ব্যয়ের হিসাব বিশ্লেষন- তথা মূলধনের সংগে ঋণের তুলনামূলক হার বা লিভারেজ, ট্রেন্ড ও বিভিন্ন অনুপাত বিশ্লেষন তথা তারল্য বিশ্লেষন, ঝুঁকি বিশ্লেষন, ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহ বিশ্লেষন, পরিচলন সংক্রান্ত রেশিও, কোম্পানী ভ্যালুয়েশন (ইপিএস, ডিভিডেন্ড ইল্ড, পি.ই রেশিও, ন্যাভ বা শেয়ার প্রতি সম্পদ) ইত্যাদি,
- ব্যালেন্স শীট বিশ্লেষন,
- পন্যের গুনগত বিশ্লেষন,
- শেয়ারের তারল্য,
- ক্রয়-বিক্রয়ের সময়,
- কোম্পানীর অবস্থার ধারাবাহিক পর্যবেক্ষণ ইত্যাদি।
কোন নির্দিষ্ট কোম্পানীর ফান্ডামেন্টাল এনালাইসিসের পূর্বে নিন্মলিখিত বিষয় গুলো বিবেচনা করতে হয়-
- কোম্পানীর গঠনপ্রনালী ও রাজস্ব বা আয়
- বিগত বছরগুলোতে কোম্পানীর আয়
- বিগত বছরগুলোতে কোম্পানীর আয়ের ধারাবাহিকতা
- কোম্পানীর ঋণের পরিমান
- কর্পোরেট গভার্নেন্স বা কর্পোরেট সুশাসন
- টার্নওভারের হার
কিভাবে একটি স্টক বা শেয়ারের ফান্ডামেন্টাল এনালাইসিস করবেন?
একটি কোম্পানীর ফান্ডামেন্টাল এনালাইসিস করার জন্য কিছু বেসিক পদক্ষেপ রয়েছে। এখানে আমরা সংক্ষেপে তা আলোচনা করার চেষ্টা করবো।
কোম্পানীর আর্থিক বিবরনী বা Financial Statement:
কোন শেয়ার কেনার আগে ঐ কোম্পানীর আর্থিক অবস্থা জানার জন্য কোম্পানীর আর্থিক বিবরনী বা Financial Statement বোঝা আবশ্যক। কোম্পানী আইন, ১৯৯৪ এর ১৮৫ ধারা মোতাবেক কোম্পানীগুলো তাদের ব্যালেন্স শীট, লাভ-ক্ষতির হিসাব প্রস্তুত করে থাকে। আর্থিক বিবরনীতে প্রকাশিত নিন্মোক্ত ৩টি বিষয় বিশ্লেষন করা প্রয়োজন।
- ব্যালেন্স শীট (Balance Sheet)
- লাভ-ক্ষতির হিসাব বিবরনী (Income Statement / Profit & Loss Account)
- নগদ তহবিল প্রবাহ (Cash Flow Statement
ব্যালেন্স শীটঃ
কোম্পানীর বার্ষিক (Yearly) বা অর্ধবার্ষিক (Half Yearly) বিবরণীতে এই ব্যালেন্স শীট দেয়া থাকে। এখানে কোম্পানীর সম্পদ ও দায়-দেনার বিবরণ থাকে। ব্যালেন্স শীটে ব্যবহৃত কিছু শব্দের ব্যাখ্যা নিন্মরুপ-
১। কোম্পানীর মূলধন (Share Capital):কোম্পানীর মূলধন কয়েকটি শ্রেণীতে বিভক্ত থাকতে পারে।
ক) অনুমোদিত (Authorised) / নিবন্ধিত (Registered) / নোমিনাল (Nominal) মূল্ধনঃ
যে পরিমাণ মূলধন সংগ্রহের অনুমতি নিয়ে কোম্পানি নিবন্ধিত হয় তাকে অনুমোদিত / নিবন্ধিত / নোমিনাল মূল্ধন বলে। এর চেয়ে বেশি মূলধন শেয়ার বিক্রয় করে সংগ্রহ করা যায় না।
খ) ইস্যুকৃত মূলধন (Issued Capital):
অনুমোদিত মূলধনের যে অংশ জনগণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে উপস্থাপিত করা হয় তাকে প্রচারিত মূলধন বা ইস্যুকৃত মুলধন বলা হয়। ইস্যুকৃত মুলধন অনুমোদিত মূলধনের সমান বা কম হয়ে থাকে। তবে কোন অবস্থাতেই বেশী হতে পারবে না।
গ) বিলিকৃত মূল্ধন (Subscribed Capital):
ইস্যুকৃত মূলধনের যে অংশ বিনিয়োগকারীগণ আবেদন পত্রের মাধ্যমে ক্রয় করতে স্বীকার করেছে এবং যে পরিমাণ শেয়ার বণ্টিত হয়েছে তাকে বিলিকৃত মূলধন বলে। বিলিকৃত মূলধন সাধারনত ইস্যুকৃত মূলধনের সমান হয়ে থাকে। তবে কমও হতে পারে।
ঘ) তলবকৃত মূলধন (Called-up Capital):
বিলিকৃত মূলধনের যে অংশ আদায় করার জন্য আবেদনকারীর নিকট আহ্বান করা হয় তাকে তলবী বা তলবকৃত মূলধন বলা হয়। শেয়ার মূল্যের সম্পূর্ণ অংশ একসঙ্গে বা বিভিন্ন কিস্তিতে আদায় করার জন্য আহ্বান করা যেতে পারে। শেয়ারের পূর্ণ মূল্য প্রদানের জন্য আহ্বান করা হলে বিলিকৃত মূলধন এবং তলবী মূলধন সমান হবে।
ঙ) আদায়কৃত মূলধন (Paid-up Capital):
তলবকৃত মূলধনের যে অংশ শেয়ার মালিকদের নিকট হতে নগদ পাওয়া যায় তাকে আদায়কৃত মূলধন বলে। তলবী মূলধন থেকে বকেয়া তলব বাদ দিলে আদায়কৃত মূলধন পাওয়া যাবে।
চ) মোট পরিশোধিত মূলধন (Total Paid-up Capital):
এটি হল কোন নির্দিষ্ট দিনে কোম্পানীর মোট ইস্যুকৃত শেয়ার এবং তার নিজ শেয়ারের অভিহিত মূল্যের গুনফলের সমষ্টি।
ছ) মোট বাজার মূল্ধন (Total Market Capitalization):
কোন নির্দিষ্ট দিনে কোম্পানীর সর্বমোট ইস্যুকৃত শেয়ার এবং উক্ত নির্দিষ্ট দিনে ঐ কোম্পানীর শেয়ার প্রতি বাজার মূল্যের গুনফলের সমষ্টি হল মোট বাজার মূলধন।
২। সঞ্চিতি ও উদ্বৄত্ত (Reserves and Surplus): কোন কোম্পানী যদি মুনাফা করে তার সবটা শেয়ারহোল্ডারদের নিকট বন্টন না করে তবে সেটাই সঞ্চিতি ও উদ্বৃত্ত। এগুলো শেয়ার প্রিমিয়াম, আয়কর সঞ্চিতি, লভ্যাংশ সমীকরন তহবিল, অবন্টিত মুনাফা হিসেবে ব্যালেন্স শীটে দেখানো হয়।
৩। স্থায়ী সম্পদ (Fixed Assets): কোম্পানীর স্থাবর সম্পত্তি, অফিস, গাড়ী, যন্ত্রপাতি, সুনাম ইত্যাদি এর অন্তর্ভুক্ত।
৪। তড়িৎ সম্পত্তি (Quick Assets): যে সমস্ত সম্পত্তি অতি দ্রুত নগদ অর্থে রুপান্তরিত করা যায় সেগুলোই তড়িৎ সম্পত্তি।
৫। নীট সম্পত্তি (Net Worth): মোট সম্পত্তি থেকে বহির্দায় সমূহ বাদ দিয়ে নীট সম্পত্তি বের করা হয়। আবার পরিশোধিত মূলধনের সাথে সঞ্চিতি ও উদ্বৃত্ত যোগ করেও এটি পাওয়া যায়।
৬। চলতি মূলধন (Working Capital): চলতি সম্পত্তি ও চলতি দায়ের পার্থক্য হলো চলতি মূলধন।
ব্যালেন্স শীটে সম্পদকে নগদায়নের সুবিধার ভিত্তিতে লেখা হয়। প্রথমে নগদ অর্থ তারপর স্থায়ী সম্পদ ও অপরিমাপযোগ্য সম্পদ লেখা হয়। ব্যালেন্স শীটে সম্পদের পর তার দায়-দেনার হিসাব দেয়া থাকে।
ব্যালেন্স শীটের যে সব বিষয় বিশ্লেষন করবেন-
. লাভ-ক্ষতির পরিমাণ,
. লাভ-ক্ষতির হ্রাস-বৃদ্ধির ধারা,
. পন্যের উৎপাদনের পরিমাণ, দরের হ্রাস বৃদ্ধি,
. ব্যবসা পরিচালনার ব্যায়ের হ্রাস বৃদ্ধি,
. লভ্যাংশ প্রদানের ধারা এবং এই ক্ষমতার হ্রাস বৃদ্ধি,
. কাঁচামালের / অন্যান্য উপকরনের মূল্যের হ্রাস বৃদ্ধি,
. চলতি সম্পদ থেকে চলতি দায় মেটানোর ক্ষমতা,
. ঋণের পরিমাণ এবং সুদের তারতম্যের হিসাব,
. অ-পরিচালন আয়, তথা বিনিয়োগ থেকে প্রাপ্ত সুদ ও লভ্যাংশ, ব্যাংক আমানত থেকে প্রাপ্ত সুদ, পুরাতন যন্ত্রপাতি বিক্রয় থেকে প্রাপ্ত মুনাফা ইত্যাদি,
. সঞ্চিতি ও উদবৃত্তি-এর পরিমাণ।
অর্থের উৎস বা Source Of Fund:
কোম্পানীর অর্থ কেবল কোম্পানীর শেয়ার-হোল্ডারগণ যোগান দেন না। ব্যাংক থেকে ঋনও নিতে হয়। এই ঋণ আবার দীর্ঘ মেয়াদী বা স্বল্প মেয়াদী, নিশ্চিত ঋণ (যা কোম্পানীর কোন সম্পদের উপর চার্জ সৃষ্টি করে), এবং অনিশ্চিত ঋণ অথবা উভয় প্রকারের হতে পারে।
লাভ-ক্ষতির হিসাব বিবরনী বা Income Statement / Profit & Loss Account:
কোম্পানী আইন ১৯৯৪ এ লাভ-ক্ষতির হিসাব বিবরনী তৈরীর কোন নির্দিষ্ট ছক প্রদান করা হয়নি, তবুও কোম্পানীগুলো যে ছকে লাভ-ক্ষতির স্টেটমেন্ট প্রদান করে তা থেকে আপনাকে সব কিছু বুঝে নিতে হবে। এই বিবরনী থেকে মূলত কোম্পানীর লাভ-ক্ষতি এবং ইপিএস জানা যায়।
এখানে সাধারণত যে বিষয়গুলো থাকে তা হলো- ব্যাবহৃত কাঁচা মালের হিসাব, উৎপাদন খরচ , বিক্রয় সংক্রান্ত ব্যয়, নীট বিক্রয়লব্ধ অর্থ, পরিচালন ব্যয়, মোট মুনাফা, পরিচালন মুনাফা, নীট আর্থিক আয়, কর, কর পূর্ব মুনাফা, কর পরবর্তী মুনাফা, চলতি কর, বিলম্বিত কর, শেয়ার প্রতি আয় ইত্যাদি।
নগদ তহবিল প্রবাহ বা Cash Flow Statement:
কোম্পানীতে বিভিন্ন উৎস থেকে নির্দিষ্ট সময়ে অর্থের আগমন ও তার ব্যবহার এর মাধ্যমে তহবিলের হ্রাস বৃদ্ধি সংক্রান্ত বিবরনী হল নগদ তহবিল প্রবাহ প্রতিবেদন বা cash Flow Statement। এই বিবরনী প্রস্তুত করারও কোন নির্দিষ্ট ছক নেই। বিভিন্ন কোম্পানী এটি বিভিন্নভাবে প্রস্তুত করে থাকে। এই বিবরনীতে তহবিলের দুটু উৎস দেখানী হয়, যথা-
১/ পরিচালন থেকে নগদ প্রাপ্ত তহবিল
২/ অন্যান্য উৎস হতে প্রাপ্ত নগদ তহবিল
এই তহবিল প্রবাহ বিশ্লেষনের মাধ্যমে কোম্পানীর ঋণ পরিশোধের ক্ষমতা, আর্থিক স্বচ্ছলতা এবংমুনাফা অর্জনের ক্ষমতা যাচাই করা যায়।
.jpg)
Comments
Post a Comment